এবি সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৪২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহসিন আলীর মৃত্যু হয়। নিহত মহসিন আলী জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ফলগাছা গ্রামের আহম্মদ আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাবার সময় স্টেশনের উত্তর পাশেই রাস্তা পারাপারেরর সময় মহসিন আলী ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধায় ভূমি অফিসে চলছে হয়রাণী

এবি সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে চলছে ব্যাপক হয়রাণী। এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে সু-বিচার প্রার্থনা করছেন ভুক্তভোগীরা। শনিবার (১৭ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত চলছে।জানা যায়, উপজেলার পাঁচপীর বাজারে অবস্থিত কঞ্চিবাড়ি ও চণ্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত টাকা দিতে না পারলে ভূমি মালিকগণকে ব্যাপক হয়রাণীর স্বীকার হতে হচ্ছে। ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মহব্বত আলী কঞ্চিবাড়ি ইউনিয়নের বাসীন্দা হওয়ায় স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার করে নির্বিঘ্নেই দীর্ঘদিন থেকে জমির মালিকগণকে নানাভাবে হয়রাণী ও অতিরিক্ত পরিমাণের অর্থ হাতাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই জমির মালিকদের কাছ থেকে হাতানো টাকার পরিমাণের চেয়ে কম পরিমাণ টাকার অঙ্ক উল্লেখ করে রশিদ প্রদান করছেন। মর্মে ভুক্তভোগী কিছু জমির মালিক যৌথ স্বাক্ষরে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে ন্যায় বিচার প্রার্থনা করছেন। অভিযোগকারীগণের মধ্যে বীর-মুক্তিযোদ্ধা (শিক্ষক অবঃ) আবুল হোসেন জানান, কঞ্চিবাড়ি ও চণ্ডিপুর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মহব্বত আলীর ব্যাপক অনিয়মের প্রেক্ষিতে দায়েরকৃত অভিযোগে স্বাক্ষর করেছি। তবে, পড়ে দেখতে হবে’। অভিযুক্ত কঞ্চিবাড়ি ও চণ্ডিপুর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মহব্বত আলী জানান, ‘তাকে হয়রাণী করতে তার বিরুদ্ধে মিথ্যাভাবে অভিযোগ করার কথা শুনেছি’। সহকারি কমিশনার কর্মকর্তা (ভূমি) চৌধুরী আল-মাহমুদ অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। উচ্চ পর্যায়ের নির্দেশসহ অভিযোগপত্র পেয়েছি। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে’।

