ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। সারা দেশের মতোই ইন্দুরকানী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল গাজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার এবং মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবিবুর রহমান কাজি। এসময় আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ইন্দুরকানী শাখার ব্যবস্থাপক মশিউর রহমান গাজী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন গাজী, সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিন আইকন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আবুল কালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে প্রথমে নিজেকে দুর্নীতি থেকে দূরে রাখতে হবে। মূল কথা— আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। তাহলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

