আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে কৃষি জমিতে লবন পানির অনুপ্রবেশ রোধ ও সরকারি বিধি বহির্ভূতভাবে বালি উত্তোলন বন্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন জলবায়ু অধিপরামর্শ ফোরাম।মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সড়কে লিডার্স’র সহযোগিতায় ফটিকখালি ও পারিশামারি গ্রামের ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষিজীবি নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইউনুস আলী, প্রধান শিক্ষক কিংকর মণ্ডল, সাবেক সেনা সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম, হিরন্ময় মণ্ডল, বিমল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালি ও পারিশামারি গ্রামের প্রায় ১০ হাজার বিঘা জমিতে নদীর জোয়ারের পানি ও কৃত্রিম জলাবদ্ধতার কৃষি উৎপাদন চরম ব্যহত হচ্ছে। অতি লবণাক্ততার কারণে কিছু কিছু জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। এতে স্থানীয় জীব বৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এবং বহু পরিবার জীবিকা হারিয়ে অর্থনৈতিক সংকটে পড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।এছাড়া আশাশুনি সদরের খোলপেটুয়া ও মরিচ্চাপ নদী থেকে বিধি বহির্ভূতভাবে বালি উত্তোলন করা হচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে এই বালি উত্তোলনের ফলে নদীর দুই তীরে ভাঙন ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে ও স্থানীয় মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
তাই জরুরী ভিত্তিতে ফটিকখালি ও পারিশামারি এলাকায় লোনা পানি বন্ধে ব্যবস্থা নিতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় স্লুইস গেট নির্মাণ ও খাল খনন করে মিষ্টি পানির সেচের ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও পূণর্বাসনের ব্যবস্থা করতে হবে। নদী ভাঙন এলাকা থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ কার্যকরী পদক্ষেপ নিতে হবে।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের হাতে ৫ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আশাশুনিতে জামায়াত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী মোটর সাইকেল শোডাউন ও পথসভা
আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী মোটর সাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার থেকে শতাধিক মোটর সাইকেল শোডাউন শুরু হয়ে খাজরা, আনুলিয়া হয়ে উপজেলার শেষ ইউনিয়ন প্রতাপনগরে গিয়ে শেষ হয়। শোডাউনে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা শ্লোগান দিতে থাকে। বেলা ২ টায় প্রতাপনগরে পিএম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুহাদ্দিস রবিউল বাশার। বিকাল ৩ টায় প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসা ময়দানে মহিলা সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইউনিয়ন আমির মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সম্পাদক মাওঃ আল-আমিন’র সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্পাদক মাওঃ আব্দুল গাফফার, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী, জেলা কর্ম পরিষদ সদস্য ও নমিনীর সহধর্মীনি জয়নাব তাহেরা, উপজেলা মহিলা দায়িত্বশীল শরিফা মনির, খায়রুন্নেছা, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ। বিকাল ৪ টায় তালতলা বাজার ও সন্ধ্যা ৬ টায় নাকনা-দশহালিয়া খেয়াঘাট চত্বরে পৃথক দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, যুব জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতাধিক নেতৃবৃন্দ প্রার্থীর সফরসঙ্গী ছিলেন।

