গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে। অভিযোগ রয়েছে, ডিলার পর্যায় থেকেই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সরবরাহ করায় বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা।
সম্প্রতি কোনাবাড়ীর কাদের মার্কেট বাইমাইল এলাকায় অবস্থিত একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের ডিলার পয়েন্ট থেকে এলাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী আবুল হোসেনের দোকানে গ্যাসের দাম জানতে গেলে দোকানদার জানান, ডিলার পর্যায় থেকেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
দোকান সূত্রে জানা যায়, ওমেরা সহ অন্যান্য কোম্পানির একটি সিলিন্ডার গ্যাস কিনতে খুচরা ব্যবসায়ীদের গুনতে হচ্ছে প্রায় ১ হাজার ৭০০ টাকা, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ডিলার ব্যবসায়ে কর্মরত রাজ্জাক নামের এক সেলসম্যান জানান, ডিলাররা নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সরবরাহ করায় খুচরা ব্যবসায়ীরা বাধ্য হয়ে বাড়তি দামে গ্যাস বিক্রি করছেন। ফলে এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর।
ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, বড় ব্যবসায়ী ও ডিলাররা কোনো ধরনের সরকারি তদারকি ছাড়াই কৃত্রিম সংকট সৃষ্টি করে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে একদিকে খুচরা ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে এলপিজি গ্যাসের বাজার নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর নজরদারি জোরদার করতে হবে এবং ডিলার পর্যায়ে তদন্ত পরিচালনা করা জরুরি। তা না হলে এই অনিয়ম আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

