পিরোজপুর অফিস : “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দৃষ্টি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো পিরোজপুরেও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে একটি র্যালি সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম এবং তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজের মর্যাদা, দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে তাদের অবদান অনন্য। ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

