বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার রাতে উপ-নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, উপনির্বাচনের মোট ১৫০ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার ফুলকপি প্রতীক নিয়ে পেয়েছেন ৫২৬ ভোট। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি পেয়েছিলেন ২ লাখ ১৬ হাজার ২৩৪ ভোট। সেইসঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও বিজয়ী হন। পরে আসনটি ছেড়ে দেন। বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। এখানে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতি। তিনি বগুড়া পৌরসভার সাবেক মেয়র। আর জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারেক রহমানের ২ লাখ ১৬ হাজার ২৩৪ ভোটের বিপরীতে আবিদুর রহমান ৯৭ হাজার ৬২৬ ভোট পান। আসনটি জিয়া পরিবারের জন্য ‘সংরক্ষিত’ হিসেবে পরিচিত। ১৯৭৯ থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত আসনটি দখলে ছিল বিএনপির। ২০১৪ সালে বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হলেও শপথ নেননি। এবারের নির্বাচনে দলের চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেও আসনটি ছেড়ে দিয়েছেন।

