এস রফিক ডুমুরিয়া প্রতিনিধি :খুলনা জেলার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চুকনগর বাজারের যতিন-কাশেম রোডের বাদামতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে ডুমুরিয়া থানাধীন মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনার করছিলেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে চুকনগর বাজারের যতিন-কাশেম রোডস্থ বাদামতলা মোড়ের কার্ত্তিক সাধুর মিষ্টির দোকানের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় ফাহাদ সরদার (১৮) নামের এক যুবককে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।আটক ফাহাদ ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ও উপজেলার চুকনগর গ্রামের দিদারুল ইসলাম সরদারের ছেলে। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আনাম (সার্কেল-বি) এই তথ্য নিশ্চিত করেছেন। এব্যাপারে উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা করেছেন। আটক ফাহাদকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরেণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

