বিশেষ প্রতিনিধি : দীর্ঘ দুই বছর সাত মাসের প্রতীক্ষার পর অবশেষে নিবন্ধন সম্পন্ন করেছে সাংবাদিকদের কল্যাণভিত্তিক সংগঠন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির নিবন্ধন নম্বর S-14517। আনুষ্ঠানিক নিবন্ধন প্রাপ্তির মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালনায় নতুন গতি সঞ্চার হয়েছে এবং নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ ২৩ বছরের সাংবাদিকতা জীবনে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন—পেশাগত ঝুঁকি, মামলা-মোকদ্দমা, হামলা, হয়রানি ও আর্থিক সংকটে পড়া সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য একটি শক্তিশালী, সুসংগঠিত ও দায়িত্বশীল কল্যাণভিত্তিক প্ল্যাটফর্ম অত্যন্ত জরুরি। বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সাংবাদিকদের বাস্তবতা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সেই অভিজ্ঞতা ও দায়বদ্ধতা থেকেই এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, এটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অলাভজনক জাতীয় সংগঠন হিসেবে সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক কল্যাণে কাজ করবে। ফাউন্ডেশন অসহায় সাংবাদিকের মৃত্যুতে দাফন-কাফনের সম্পূর্ণ ব্যয় বহন এবং পরিবারকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। অপ্রাপ্তবয়স্ক সন্তানদের শিক্ষার দায়িত্ব গ্রহণ এবং প্রাপ্তবয়স্ক বেকার সন্তানদের কর্মসংস্থানে সহায়তার উদ্যোগও থাকবে।
এছাড়া সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সাংবাদিকদের জন্য স্বল্প ব্যয়ের কমিউনিটি-ভিত্তিক আবাসন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রতিটি জেলায় আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে নৈতিকতা, তথ্যপ্রযুক্তি ও অনুসন্ধানী সাংবাদিকতায় নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত স্বাস্থ্যসেবা সুবিধা চালু, জেলা শহরে সাংবাদিকদের সন্তানদের জন্য বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে বা স্বল্প খরচে শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নারী সাংবাদিকদের পেশাগত ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের কথাও জানিয়েছে ফাউন্ডেশন। একই সঙ্গে প্রতিটি জেলায় অভিজ্ঞ আইনজীবী নিয়োগের মাধ্যমে হামলা, মামলা বা হয়রানির ঘটনায় তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদান, জেলা ও থানা পর্যায়ে চিকিৎসা সহায়তা নিশ্চিতকরণ, কারামুক্ত সাংবাদিকদের পুনর্বাসন এবং ভ্রমণ ও যোগাযোগ ক্ষেত্রে বিশেষ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। যোগ্য সাংবাদিকদের বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং বৈশ্বিক গণমাধ্যমের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলাও সংগঠনের লক্ষ্য।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নিবন্ধন সম্পন্ন হওয়ার মাধ্যমে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। একটি কার্যকর ও শক্তিশালী কল্যাণভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন দেশব্যাপী সাংবাদিক সমাজের আস্থা ও নির্ভরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

