বিশেষ প্রতিনিধি : দেশের গণমাধ্যম অঙ্গনে এক তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে আনিস উদ্দিন সেন্টু-কে দৈনিক ৭১-এর বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি বর্তমানে Flash TV-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একজন বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও দানশীল সংগঠক হিসেবে দেশব্যাপী সুপরিচিত।মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং ’৭১-এর আদর্শের দৃঢ় অনুসারী হিসেবে আনিস উদ্দিন সেন্টু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা বিস্তার, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, যুবসমাজকে নৈতিক ও দেশপ্রেমমূলক মূল্যবোধে উদ্বুদ্ধকরণসহ নানা ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে তাঁর ধারাবাহিক উদ্যোগ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।গণমাধ্যমকে তিনি কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম হিসেবে নয়, বরং সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে বিবেচনা করেন। তাঁর নেতৃত্বে ফ্ল্যাশ টিভি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট থেকেছে—যা তাঁকে একজন বিচক্ষণ ও দূরদর্শী মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।সংশ্লিষ্ট মহল মনে করছে, তাঁর প্রজ্ঞা, সততা, সাংগঠনিক দক্ষতা ও দেশপ্রেমমূলক আদর্শ ‘দৈনিক ৭১-এর বাংলাদেশ’-এর সম্পাদকীয় নীতিকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহে তাঁর সুদৃঢ় অবস্থান পত্রিকাটির অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আনিস উদ্দিন সেন্টু সম্পাদকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জাতির কল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জনগণের পাশে থাকাই হবে আমার প্রধান অঙ্গীকার। মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় স্বার্থ রক্ষায় গণমাধ্যমকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।সাংবাদিক মহলে তাঁর এ নিয়োগকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গণমাধ্যমে ইতিবাচক পরিবর্তন ও গঠনমূলক ভূমিকা রাখার ক্ষেত্রে তিনি সফল হবেন—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

