আওরঙ্গজেব কামালঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের শুরুতে তিনি মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে অংশ নেন। এসময় মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।বিকেল ৩টায় শুরু হওয়া এই বৈঠকের মাধ্যমে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন নতুন প্রধানমন্ত্রী।
আজকের বৈঠকটি ছিল মূলত পরিচিতিমূলক সভা।বৈঠকে সরকারের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রশাসনিক সংস্কারকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দিকনির্দেশনা দেন।এর আগে বেলা সাড়ে ১২টার দিকে তারেক রহমান সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছান। সেখানে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে স্বাগত জানান।গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে। নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে এককভাবে ২০৯টি আসনে জয় পায় দলটি। এর পাঁচ দিন পর গতকাল তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সহিংসতা, সীমান্ত পরিস্থিতি এবং সাইবার অপরাধ দমনে বিশেষ উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

